বাংলাদেশের ভোলা জেলায় এক হিন্দু যুবতীকে গণধর্ষণ করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই যুবতী স্থানীয় কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন। অভিযোগ, তাঁকে জোর করে তুলে নিয়ে গিয়ে বেশ কয়েক জন মিলে তাকে গণধর্ষ করা হয়। পরে রক্তাক্ত ও গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয় মানুষজন দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি তুলেছেন। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনও ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছে। তাঁদের বক্তব্য, এ ধরনের ঘটনা সমাজে ভয়ের পরিবেশ তৈরি করছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চলছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আশ্বাসও দিয়েছে পুলিশ।
বাংলাদেশে এই ঘটনা আবারও নারী নিরাপত্তা ও সংখ্যালঘু সুরক্ষার প্রশ্নকে সামনে নিয়ে এসেছে। সমাজের বিভিন্ন মহল মনে করছে, শুধু নিন্দা নয়, কার্যকর ও কঠোর পদক্ষেপই ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধ করতে পারে। এখন সকলের নজর প্রশাসনের পদক্ষেপের দিকেই।













