
Instagram Adds Personalised Controls for Reels With New AI Feature,Source: social media
ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল—অ্যাপে কোন ভিডিও বা কনটেন্ট দেখা যাবে, তার নিয়ন্ত্রণ প্রায় পুরোপুরি প্ল্যাটফর্মের অ্যালগরিদমের হাতে। এবার সেই অভিযোগেরই সমাধান নিয়ে এসেছে সংস্থাটি। নতুন এক এআই-চালিত ফিচার ব্যবহারকারীদের নিজেদের ফিডের কনটেন্ট পছন্দ ও আগ্রহ অনুযায়ী সাজানোর ক্ষমতা দেবে। এই ফিচারের নাম দেওয়া হয়েছে “Your Algorithm”, যা মূলত রিলস অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত করতে তৈরি করা হয়েছে।
নতুন ফিচারটি রিলস স্ক্রিনের উপরের ডান পাশে একটি বিশেষ আইকনের মাধ্যমে পাওয়া যাবে। সেখানে ট্যাপ করলেই ব্যবহারকারী দেখতে পাবেন ইনস্টাগ্রাম তাদের কোন কোন বিষয়ের প্রতি আগ্রহী মনে করছে। এই অংশটি ব্যবহারকারীর দেখা ভিডিও, লাইক, শেয়ার বা রিলস ব্রাউজিং অভ্যাসের উপর ভিত্তি করে সাজানো হয়।
শুধু দেখার সুযোগই নয়, ব্যবহারকারীরা চাইলে এই তালিকার প্রতিটি বিষয়ের গুরুত্ব বাড়াতে বা কমাতে পারবে। কোন টপিক একেবারেই দেখতে না চাইলে সেটি সরিয়েও দেওয়া যাবে। আবার নতুন আগ্রহ যোগ করার সুযোগও থাকছে। ফলে অ্যালগরিদম আর একতরফা সিদ্ধান্ত নেবে না—ব্যবহারকারীর মতামতও সমানভাবে প্রতিফলিত হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম নিয়ে বিশ্বজুড়ে যে সমালোচনা চলছে, তারই প্রেক্ষিতে এমন স্বচ্ছতা এনে ইনস্টাগ্রাম নতুন দৃষ্টান্ত স্থাপন করল। অনেকের মতে, আগের অ্যালগরিদমের কারণে ব্যবহারকারীরা বারবার একই ধরনের কনটেন্ট দেখতে বাধ্য হতো। নতুন ফিচারটি সেই “ইকো চেম্বার” ভাঙতে সাহায্য করবে।
ইনস্টাগ্রামের মূল কোম্পানি মেটা জানিয়েছে, প্রতিদিনের আগ্রহের ধরন বদলে যায়, তাই ব্যবহারকারীর ফিডও সেই অনুযায়ী পরিবর্তন হওয়া উচিত। তারা বিশ্বাস করে—এই টুল ব্যবহারকারীর স্বাধীনতা বাড়াবে এবং অ্যাপ ব্যবহার আরও আনন্দদায়ক হবে। ফিডে কী দেখা যাবে এবং কী দেখা যাবে না—এই নিয়ন্ত্রণ এখন অনেকটাই ব্যবহারকারীর হাতে চলে যাবে।
প্রাথমিকভাবে এই ফিচারটি কয়েকটি দেশে চালু করা হলেও খুব দ্রুত বিশ্বব্যাপী ইংরেজি ব্যবহারকারীদের জন্য রোল আউট করা হবে। ভবিষ্যতে রিলস ছাড়াও এক্সপ্লোর, সার্চ বা অন্য অংশেও একই ধরনের নিয়ন্ত্রণ যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
বিশ্বব্যাপী শিশু ও কিশোরদের অনলাইন সুরক্ষা নিয়ে আলোচনার মধ্যেই ইনস্টাগ্রামের এই উদ্যোগ আসলো। অনেক দেশই সম্প্রতি কঠোর নীতিমালা গ্রহণ করেছে, যা প্ল্যাটফর্মগুলিকে আরও দায়িত্বশীল হতে বাধ্য করছে। নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যবহারকারীদের নিরাপত্তা, পছন্দ এবং স্বচ্ছতার দিক থেকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।












